ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যুবলীগের এক নেতার বিরুদ্ধে এক সেবিকাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে গত রোববার তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সেবিকারা। এতে রোগীরা চরম ভোগান্তির শিকার হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রহূত সেবিকা সদর থানায় পৃথক দুটি অভিযোগও দায়ের করেছেন।হাসপাতালের চিকিত্সক ও সেবিকা সূত্রে জানা গেছে, হাসপাতালের গাইনি বিভাগের চিকিত্সাধীন লিপিকে চিকিত্সক পেথিডিন ও স্টিমিটিল ইনজেকশন দেওয়ার কথা বলেন। গত শনিবার বিকেলে ওই ওয়ার্ডে কর্তব্যরত জ্যেষ্ঠ সেবিকা পিয়ারা বেগম রোগীর স্বজনকে এ দুটি ইনজেকশন আনার কথা বললে, ওই স্বজন অন্য একটি কোম্পানির ইনজেকশন নেলবান-২ (Nalbun-২) নিয়ে আসে। সেবিকা পিয়ারা বেগম ওই ইনজেকশনটি রোগীকে প্রয়োগ করতে অপারগতা প্রকাশ করলে রোগীর স্বজনের সহযোগী জেলা যুবলীগের সহসভাপতি ও ওষুধ কোম্পানি ইথিক্যাল ড্রাগসের বিক্রয় প্রতিনিধি আশিকুল আলম ওরফে বাবলু পিয়ারাকে থাপ্পড় মারেন। এর প্রতিবাদে সেবিকারা রোববার সকাল নয়টায় কর্মবিরতি শুরু করেন। পরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে আলোচনার পর দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে দুপুর ১২টায় তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন।সিভিল সার্জন নূরুল আমীন বলেন, ‘এ ঘটনায় আমি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং ঘটনার কারণ খুঁজে বের করতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি।’জেলা যুবলীগের সহসভাপতি আশিকুল আলম ওরফে বাবলু তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কেন একজন সেবিকাকে মারধর করতে যাব। আসলে হাসপাতালে নানা অনিয়মের প্রতিবাদ করার কারণেই তাঁরা আমার বিরুদ্ধে কল্পিত অভিযোগ এনেছেন।’