ব্রাহ্মণবাড়িয়ার আট চালকল মালিকের জামানত বাজেয়াপ্ত
ব্রাহ্মণবাড়িয়ার আটজন চালকল-মালিকের জামানত বাজেয়াপ্ত ও চালকলগুলো কালো তালিকাভুক্ত করতে নোটিশ দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। নির্ধারিত সময়ের মধ্যে আতপ চাল সরবরাহে ব্যর্থ হওয়ায় এ নোটিশ দেওয়া হয়েছে।গত ২৪ সেপ্টেম্বর জেলায় আতপ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছিল। ৩১ অক্টোবর এর মেয়াদ শেষ হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, এবার আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৪৩৭ মেট্রিক টন। এ সময়ের মধ্যে চাল সংগ্রহ হয় নয় হাজার ছয় মেট্রিক টন। উল্লিখিত পরিমাণ চাল সংগ্রহের জন্য ৭৯টি চালকলের সঙ্গে চুক্তি করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আটটি চালকলের মালিক চাল সরবরাহে ব্যর্থ হন। এ জন্য লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়। এসব চালকলের মালিকের জামানত বাজেয়াপ্ত ও তাঁদের চালকলগুলোকে কালো তালিকাভুক্ত করতে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। চালকলগুলো হলো: আশুগঞ্জের রহমানিয়া আতপ রাইস মিল, হাজি আলী আকবর রাইস মিল, হাজি আনোয়ারুল হক আতপ রাইস মিল, জোবেদা খাতুন আতপ রাইস মিল, হামিদ আতপ রাইস মিল, ব্রাহ্মণবাড়িয়া সদরের সৈয়দ মোবাশ্বের আতপ রাইস মিল, খান আতপ রাইস মিল ও তিতাস আতপ রাইস মিল।চুক্তি অনুযায়ী চালকলের মালিকদের সরবরাহ করার কথা ছিল ৭৪৯ মেট্রিক টন চাল। নির্ধারিত সময়ে তাঁরা সরবরাহ করতে পেরেছেন মাত্র ৩১৭ মেট্রিক টন। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহজাহান ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানার ব্যর্থতার কারণে আতপ চাল সংগ্রহ অভিযান শতভাগ সফল হয়নি। এ কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।