ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ বাজারে সংঘষর্, ভাঙচুর অর্ধশতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোল আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে গতকাল শুক্রবার দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এ সময় বাজারে শতাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় আনন্দবাজারের ইজারাদার বিরাসার গ্রামের ফায়েজ মিয়া জনৈক সবজি বিক্রেতার কাছে টোলের টাকা চাইলে কান্দিপাড়া গ্রামের মাইমল (মুসলিম জেলে) সম্প্রদায়ের লতিফ মিয়া এতে বাধা দেন। এ ঘটনায় ফায়েজ ও লতিফের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে লতিফ ও তিন-চারজন সহযোগী ফায়েজকে মারধর করেন। এরপর আনন্দবাজারে বিরাসার গ্রামের ব্যবসায়ী ও কান্দিপাড়ার মাইমলদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে কান্দিপাড়া গ্রামের মাইমলহাটির কয়েক শ বাসিন্দা আনন্দবাজারে সংঘর্ষে যোগ দেয়। মাইমলদের হামলার মুখে আনন্দবাজারের ব্যবসায়ীরা দোকানপাট ফেলে রেখে পালিয়ে যান। এ সময় হামলাকারীরা আনন্দবাজারের মসজিদপট্টিসহ শতাধিক দোকানে লুটপাট ও ভাঙচুর করে। পরে আতঙ্কে আনন্দবাজারের পার্শ্ববর্তী নিউমার্কেট, সড়কবাজার, টানবাজার, লাখীবাজার ও জগত্বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ধাওয়া করলে সংঘর্ষকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মাইমলহাটির নয়ন ও বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের জাকির হোসেন নামের এক মাছ বিক্রেতাকে আটক করে। এ সময় পুলিশ কয়েকজন ব্যবসায়ীকে লাঠিপেটা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জয় সরকার বলেন, ‘সামান্য টোল আদায়কে কেন্দ্র করে দুই গ্রামের ব্যবসায়ীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’আনন্দবাজারের ইজারাদার ফায়েজ মিয়া বলেন, ‘আমি বাজারের বৈধ ইজারাদার। এক সবজি বিক্রেতার কাছে ইজারার টাকা চাইতে গেলে মাইমলহাটির লতিফ মিয়া তিন-চারজন সহযোগীসহ আমাকে মারধর করেন। পরে মাইমলহাটির লোকজন আনন্দবাজারে হামলা করে বিরাসারের লোকদের দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়।’এ ব্যাপারে মাইমলদের নেতা ও কমিউনিটি পুলিশের সদস্য কাছন মিয়া বলেন, ‘আমি বাজারে মাছ কিনে কাটতে দিয়ে নামাজ পড়তে মসজিদে যাই। কিছুক্ষণ পরেই বাজারে বিরাসার ও মাইমলহাটির লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিরাসারের লোকজন মাছ বাজারে হামলা চালিয়ে ৪০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে।’