ব্রাহ্মণবাড়িয়ার এএসপি ও দুই ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় কুমার সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এবং বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার জামিল আহমেদ জানিয়েছেন, গতকাল বুধবার রাতে তাঁদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কুমিল্লা অঞ্চলের উপনির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি কয়েক দফায় সংবাদ সম্মেলন করে সঞ্জয় কুমার সরকার ও দুলাল মাহমুদের প্রত্যাহার দাবি করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন সুষ্ঠু করতে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব গতকাল রাত সোয়া আটটায় জেলা বিএনপির সভাপতির বাসায় হঠাৎ সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেছেন, সরকার যেকোনোভাবে এ নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে। নির্বাচনের আগের দিন এভাবে সংবাদ সম্মেলন করা আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এ ছাড়া নির্বাচনে বিএনপির প্রার্থী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছেন বলে অভিযোগ করেন মহাজোটের প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বিএনপির প্রার্থী ৫০ হাজার টাকা দিয়েছেন বলে তাঁদের কাছে তথ্যপ্রমাণ আছে। নির্বাচন কমিশনে তিনি এ ব্যাপারে অভিযোগও দাখিল করেছেন। এ ছাড়া বিএনপির প্রার্থী টাকা দিয়ে ভোট কিনছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে বিএনপির প্রার্থী এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।