ব্রাহ্মণবাড়িয়ার ডিসির অপসারণ দাবি
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচন ও পৌরসভা নির্বাচনের প্রচার শুরুর আগেই জেলা প্রশাসকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ দাবি উত্থাপন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক অভিযোগ করেন, আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নিশ্চিত পরাজয়ের আশঙ্কা দেখে জেলা প্রশাসক উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রবিউল মোকতাদির চৌধুরীর স্বার্থে পৌর নির্বাচন পিছিয়ে দিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন। কারণ, পৌর নির্বাচনে পরাজয়ের প্রভাব ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে পড়বে বলে তিনি এ নির্বাচন পিছিয়ে দিতে চান।জহিরুল হক জেলা প্রশাসক মো. আবদুল মান্নানকে আওয়ামী ঘরানার লোক আখ্যা দিয়ে বলেন, তিনি (জেলা প্রশাসক) সভা-সমাবেশে বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক’ স্লোগান দিয়ে। এ ছাড়া তিনি ছাত্রজীবনে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের ছাত্র সংসদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে দাবি করেন।লিখিত বক্তব্যে তিনি উপনির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দুটি মোটরসাইকেল শোভাযাত্রার অভিযোগ আনেন। তিনি বলেন, জেলা প্রশাসক এসব বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। এ ছাড়া ২৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আট কিলোমিটার দূরবর্তী সুলতানপুরে প্রয়াত সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুল হাই সাচ্চুর শোক সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ছাত্রজীবনে আমি কখনোই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না এবং তোলারাম কলেজেরও ছাত্র ছিলাম না। যারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাঁরা হয়তো উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব করছেন।’যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী রবিউল মোকতাদির চৌধুরী বলেন, ‘নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে বিএনপি আন্দোলনের ইস্যু সৃষ্টির জন্য আগাম অভিযোগ করছে। আমি এখনো নির্বাচনী প্রচারণাই শুরু করিনি। ফলে আচরণবিধি লঙ্ঘনের প্রশ্নই ওঠে না।’