চাঁদাবাজির সময় জনতার হামলা ও অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি দিদারুল ইসলাম ওরফে দিদার (২৬)। হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষের সন্ত্রাসীরাও তাঁর ওপর গুলি চালায় বলে জানা গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল মহল্লার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় দিদারের সহযোগীদের হামলায় আহত হন তিনজন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে দিদার কলেজপাড়ার ব্যবসায়ী জালাল উদ্দিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে দিদার তাঁর সহযোগীদের নিয়ে জালালের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। একপর্যায়ে দিদার ও তাঁর সহযোগীরা জালাল এবং তাঁর ভাই জুরু মিয়া ও আলাল মিয়াকে কুপিয়ে আহত করেন। পরে গ্রামবাসী এগিয়ে এলে দিদার ও তাঁর লোকজন ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসী দিদারকে ধরে ফেলে পিটুনি দেয় এবং অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় দিদারকে হাসপাতালে নেওয়ার পথে জেলা পরিষদের সামনে চার-পাঁচজন যুবক তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আহত জালাল উদ্দিন (৪০) এবং তাঁর ভাই আলাল (৩৫) ও জরু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, নিহত দিদারের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ অপহরণ ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজপাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।