ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনকে ওএসডি
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন পদে চলতি দায়িত্ব পাওয়া আবু ছালেহ মো. মুসা খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন।
জানা গেছে, গত ৩১ জানুয়ারি বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে আবু ছালেহ মো. মুসা খানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়। নিশিত নন্দী মজুমদারকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হাসিনা আক্তার ১ জানুয়ারি থেকে অবসর-প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যান। এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহআলমের কাছে সিভিল সার্জনের দায়িত্ব বুঝিয়ে দেন। হাসিনা আক্তার এ বিষয়ে একটি চিঠি দিয়ে স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে অবগত করেন। এর আগেই গত ২৭ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়া সদরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসা খানকে জেলার সিভিল সার্জনের চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই আদেশে ৩১ ডিসেম্বরের পর তাঁকে যোগদান করতে বলা হয়। মন্ত্রণালয়ের আদেশ নিয়ে মুসা খান ২ জানুয়ারি সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে গেলে শুরু হয় জটিলতা।
গতকাল দুপুরে ভারপ্রাপ্ত সিভিল সার্জন শাহআলম নতুন সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদারকে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় আবু সালেহ মুসা খানও উপস্থিত ছিলেন।
গত ৬ জানুয়ারি প্রথম আলোতে ‘ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের চেয়ার স্বাচিপ নেতার দখলে?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।