ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে এসএসসি পরীক্ষার ৮০০ খাতা পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার ভোর রাতে আগুন লেগে এসএসসি পরীক্ষার আট শতাধিক খাতাসহ আসবাব পুড়ে গেছে।জানা গেছে, মুকুন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম সকালে বিদ্যালয়ে এসে দেখতে পান তালাবদ্ধ একটি কক্ষ থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। পরে দরজা খুলে দেখেন এসএসসি পরীক্ষার আট শতাধিক খাতা, বিদ্যালয়ের তিনটি কম্পিউটার, দুটি ফ্যান ও দুটি স্টিলের আলমারি পুড়ে গেছে। তবে খাতা পুড়ে গেলেও পরীক্ষা ব্যাহত হয়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।ইউএনও আশরাফুল আলম বলেন, এসএসসি পরীক্ষার খাতা পুড়ে যাওয়ার ঘটনা কুমিল্লা শিক্ষা বোর্ডকে জানানো হয়। পরে আশপাশের কেন্দ্র থেকে খাতা সংগ্রহ করে পরীক্ষা নেওয়া হয়। অগ্নিকাণ্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি অভিযোগ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।