ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, বাড়ি ছাই
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে বাড়িটি ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার পৌর শহরের পূর্ব পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিশুটির নাম আশামণি। সে সদর উপজেলার বুধল গ্রামের হোসেন মিয়ার মেয়ে। হোসেন মিয়া দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী নিয়ে পূর্ব পাইকপাড়ার সুরুজ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুরুজ মিয়ার বাড়িতে হোসেন মিয়া ছাড়াও অটোরিকশার চালক কাজী রাশেদ, আবদুল গফুর ও মন মিয়া ভাড়া থাকেন। গতকাল বেলা ১১ টার দিকে ওই বাড়ির রান্নাঘরে আগুন লাগে। এ সময় রান্নাঘরসংলগ্ন একটি টিনের ঘরে হোসেন মিয়ার বড় ছেলে কাউছার মিয়া ও আশামণি ঘুমাচ্ছিল। এ সময় তাদের মা নূরজাহান বেগম একই এলাকার একটি বাড়িতে কাজ করতে যান এবং তাদের ভাই আলকাছ (৫) ও বোন নুরুন্নাহার (৪) বাইরে খেলা করছিল। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ায় ওই বাড়ির সাতটি ঘর আগুনে পুড়ে যায়। এ সময় কাউছার ওই ঘর থেকে বেরিয়ে গেলেও আশামণি বের হতে পারেনি। ঘটনার সময় হোসেন মিয়াও বাইরে ছিলেন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের এক দল কর্মী ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ওই ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় আশামণিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক কবিরুল ইসলাম বলেন, গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত।