পুলিশের নির্যাতন, হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো ধর্মঘট চলছে। গতকাল বুধবার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা অটোরিকশা ও টেম্পো মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ১৬ জুন পর্যন্ত এ ধর্মঘটের ডাক দেয়৷ এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা৷
পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো চলাচল বন্ধে ৯ জুন থেকে জেলা ও সড়ক (হাইওয়ে) পুলিশ অভিযান চালিয়ে আসছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক রয়েছে। এ এলাকার আশুগঞ্জ গোলচত্বর, সরাইল বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, শাহবাজপুর বাসস্ট্যান্ড ও বিজয়নগরের চান্দুরা বাসস্ট্যান্ডে সড়ক (হাইওয়ে) ও জেলা পুলিশ বিশেষ টহল বসিয়ে অটোরিকশা ও টেম্পো চলাচল বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে শতাধিক অটোরিকশা ও টেম্পোর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সেই সঙ্গে কয়েক শ অটোরিকশা ও টেম্পো আটকে রেখে দিন শেষে চাঁদার বিনিময়ে ছাড়া হচ্ছে৷ কোথাও কোথাও চালকদের মারধরও করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের হয়রানির প্রতিবাদে জেলা অটোরিকশা ও টেম্পো মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। এ ধর্মঘট চলবে ১৬ জুন পর্যন্ত।
এদিকে ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। অটোরিকশা না পেয়ে রিকশা ও বাসই ছিল ভরসা৷ রিকশায় ভাড়া গুনতে হয়েছে কয়েক গুণ বেশি। বাসগুলোতে ছিল বেশ ভিড়।
সিএনজিচালিত অটোরিকশাচালকদের অভিযোগ, জেলায় প্রায় ১০ হাজার সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো রয়েছে। জেলাবাসী তাঁদের যাতায়াতের জন্য লক্কড়ঝক্কড় বাসের পরিবর্তে আজকাল এ ক্ষুদ্র যানই অধিক পছন্দ করছেন৷ এতে লোকসান গুনতে হচ্ছে জেলার বাস ও মিনিবাস মালিকদের। ফলে তাঁরাই মহাসড়কে অটোরিকশা ও টেম্পো চলাচলে বাধা দিচ্ছেন।
জেলা অটোরিকশা ও টেম্পো মালিক সমিতির সভাপতি কাউসার আহমেদ বলেন, ‘অটোরিকশা ও টেম্পো মহাসড়কে উঠলেই পুলিশ ধরে নিয়ে যায়। ঘুষ দিলে সন্ধ্যার পর ছেড়ে দেয়। নইলে মামলা দিয়ে দেয়। তিনি আরও অভিযোগ করেন, ‘জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির প্ররোচনায় পুলিশ এমন করছে। ১৬ জুনের মধ্যে মহাসড়কে আমাদের যান চলাচলের অনুমতি না পেলে কঠোর আন্দোলনে যাব।’
পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, যোগাযোগ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশে দুর্ঘটনা এড়াতে সিএনজিচালিত অটোরিকশা, নসিমন, করিমন ও পাওয়ার ট্রলিজাতীয় যান চলাচল বন্ধে এই মহাসড়কে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। গত মাসে পুলিশ অটোরিকশার চালকদের সঙ্গে বৈঠক করে। তখন তাঁদের এ মাস থেকে মহাসড়কে এসব যান চালাতে নিষেধ করা হয়। তাছাড়া মহাসড়কে এসব যান চলাচলের ব্যাপারে বাসমালিক সমিতিরও আপত্তি রয়েছে।