ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মেলা শুরু আজ
কালজয়ী লেখক অদ্বৈত মল্ল বর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আজ শনিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা। পৌরসভার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই মেলার উদ্বোধন করবেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আবৃত্তি সংগঠন তিতাস অদ্বৈত মেলার আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে থাকছে লেখকের জন্মভিটায় অদ্বৈত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, লোকগান-লোকনাচের আসর, কবিতা পাঠ ও আবৃত্তি, অদ্বৈত সম্মাননা। এ বছর কথাসাহিত্যিক হরিশংকর জলদাসকে অদ্বৈত চর্চা ও গবেষণার জন্য সম্মাননা দেওয়া হবে। মেলায় ভারত ও বাংলাদেশের কবি, আবৃত্তিশিল্পী ও সাহিত্যিকেরা অংশ নেবেন।
তিতাসের পরিচালক মো. মনির হোসেন বলেন, ২০১৩ সালের অদ্বৈত মল্ল বর্মণের জন্মশতবর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মেলা শুরু হয়। এ বছর মেলার সব প্রস্তুতি শেষ হয়েছে। মেলায় বিভিন্ন পণ্যসামগ্রীর স্টলও থাকবে।
অদ্বৈত মল্ল বর্মণ ১৯১৪ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামের ধীবর পরিবারে জন্মগ্রহণ করেন।