ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার পাঁচটি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইন থেকে তাঁরা ওই সংযোগ নিয়েছিলেন। অভিযানের সময় অবৈধভাবে গ্যাস-সংযোগ নেওয়ার অপরাধে পাঁচ ব্যক্তিকে ২০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের সরকারপাড়া আবাসিক এলাকায় গতকাল বেলা দেড়টার দিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাব্বির আহমেদ। এ সময় গ্যাসের পাঁচটি রাইজার জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে গ্যাস-সংযোগ করে ব্যবহারের দায়ে সরকারপাড়া এলাকার বাসিন্দা আবদুর রশিদকে আট হাজার, জ্যোৎস্না বেগমকে পাঁচ হাজার, তাসলিমা বেগমকে দেড় হাজার, শরিফ মিয়াকে ১ হাজার ৭০০ ও মরিয়ম বেগমকে চার হাজার টাকা জরিমানা করা হয়।