ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসলাইন স্থাপনের চেষ্টা, গ্রেপ্তার ৪
ব্রাহ্মণবাড়িয়া শহরে অবৈধভাবে গ্যাসলাইন স্থাপন চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের মুন্সেফপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার আল আমিন (৩০), জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার সেন্টু মিয়া (৩০), একই এলাকার বিল্লাল হোসেন (২৭) ও বিরাসার এলাকার বাছির মিয়া (২৮)। পুলিশের ভাষ্য, তাঁরা সবাই শ্রমিক।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন ফুলবাড়িয়া এলাকার সেন্টু মিয়া একজন ঠিকাদার। তিনি অবৈধভাবে গ্যাসলাইনের সংযোগ দেওয়ার কাজ করেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত একটার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার আক্তার হোসেনের বাড়ির সামনের এলাকায় অবৈধভাবে গ্যাসের সংযোগ দেওয়ার জন্য মাটি খোঁড়ার কাজ হচ্ছিল। স্থানীয় লোকজন বিষয়টি সদর থানা-পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গর্ত ও মাটি খোঁড়ার সময় চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁদের কাছে গ্যাসলাইনের পাইপ ও মাটি খোঁড়ার যন্ত্র পাওয়া যায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ গতকাল প্রথম আলোকে বলেন, চার ব্যক্তি অবৈধভাবে গ্যাসের সংযোগ দেওয়ার জন্য প্রায় তিন ফুট মাটি গর্ত এবং প্রায় ৬০ হাত পরিমাণ মাটি খুঁড়েছিলেন। পুলিশের বাধায় তাঁরা পাইপ বসাতে পারেননি। তাঁরা কাদের হয়ে কাজ করছিলেন, তা জানা যায়নি। আজ (গতকাল মঙ্গলবার) তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ সম্পর্কে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জেলা কার্যালয়ের ব্যবস্থাপক মনিরুল হক বলেন, একটি চক্র অবৈধভাবে গ্যাসের লাইন স্থাপন ও সংযোগ দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে যেন তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়।