ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসলাইনের প্রায় ২০০ ফুট অপসারণ এবং সাতটি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার শালগাঁও কালিসীমা গ্রামে ওই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সাব্বির আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শালগাঁও কালিসীমা গ্রামে গ্যাসের অবৈধ সংযোগ আছে—এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন গতকাল দুপুরে অভিযান চালায়। এ সময় গ্যাসের প্রায় ২০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ এবং সাতটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত শালগাঁও কালিসীমা গ্রামের সোহেল মিয়াকে পাঁচ হাজার টাকা ও রাজা মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া গ্যাস-সংযোগের কাজে ব্যবহৃত একটি জেনারেটরসহ কিছু যন্ত্রপাতি জব্দ করা হয়।
অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (সেবা) প্রকৌশলী আবু জাফর, ব্যবস্থাপক (বিক্রয়) মনিরুল হক, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
এনডিসি ও আদালতের নির্বাহী হাকিম সাব্বির আহমেদ বলেন, অবৈধ গ্যাস-সংযোগবিরোধী অভিযান অব্যাহত থাকবে।