ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড মোড়ে গতকাল বুধবার ভলভো বাসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। সিলেট ও হাইওয়ে ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল ভোর পৌনে চারটায় তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে একজন নারী ডাকাতও রয়েছে। গ্রেপ্তার ডাকাতেরা হলো কিশোরগঞ্জের ইটনা উপজেলার মোবারক হোসেন, ভৈরব এলাকার শাহজালাল মিয়া, ঢাকার নবাবগঞ্জের শান্ত মিয়া, গাজীপুরের জয়দেবপুরের শহিদুল ইসলাম ও আবদুল হালিম, সিলেটের বিশ্বনাথ উপজেলার আবু বকর মো. ফয়সল, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জাহিদুল ইসলাম, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মোজাম্মেল হক ও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মমতাজ বেগম। ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার জানান, ওই ডাকাতেরা সিলেটগামী সোহাগ পরিবহনের একটি ভলভো বাসে যাত্রীবেশে ওঠে। একপর্যায়ে বাসে ডাকাতির প্রস্তুতিকালে একজন যাত্রী পুলিশকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে তাদের গ্রেপ্তার করা হয়।মো. নূর হায়দার তালুকদার আরও জানান, তাদের কাছ থেকে একটি খেলনার পিস্তল এবং নয়টি চায়নিজ ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।