ব্রাহ্মণবাড়িয়ায় আজ অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ অঞ্চলকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে আলাদা করে বাখরাবাদ গ্যাস সিস্টেম কোম্পানি লিমিটেডে স্থানান্তরিত করার প্রক্রিয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে। জেলা নাগরিক কমিটির ব্যানারে এ হরতাল আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল সফল করার জন্য জেলা নাগরিক কমিটি ব্যাপক প্রচারণা চালিয়েছে।এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যার পর নাগরিক কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল শেষে পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে সমাবেশ হয়েছে। নাগরিক কমিটির সভাপতি প্রবীণ আইনজীবী আবদুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ফজলুর করিম, মুক্তিযোদ্ধা আবু হুরায়রা, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য নজরুল ইসলাম প্রমুখ। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের সিদ্ধান্তক্রমে ২০০৮ সালের ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ এলাকাকে আওতাভুক্ত করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনর্গঠনের প্রস্তাব করা হয়। বর্তমান সরকারের আমলের শুরুতে সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিলে ব্রাহ্মণবাড়িয়াবাসীর আন্দোলনের মুখে তা স্থগিত হয়ে যায়। এখন আবার আগের সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিলে জেলা নাগরিক কমিটির ব্যানারে এ হরতাল আহ্বান করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ এলাকা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (পুনর্গঠনের জন্য প্রস্তাবিত) কাছে হস্তান্তর-সংক্রান্ত সাধারণ সভা (এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং—ইজিএম) নিয়ে করা রিট আবেদন খারিজ হয়েছে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুই শেয়ারহোল্ডারের করা রিট আবেদনের শুনানি শেষে গতকাল খারিজের এই আদেশ দেন।