ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শুরু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল ব্রাহ্মণবাড়িয়ায় মানবতাবিরোধী কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছে। গতকাল সোমবার তারা একাত্তরের গণহত্যার প্রত্যক্ষদর্শী, মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মীয়স্বজনের সাক্ষ্য নেয়। এ ছাড়া একাধিক বধ্যভূমি এবং ব্রাহ্মণবাড়িয়ার নতুন ও পুরোনো জেলখানা পরিদর্শন করে তারা।অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দলের অন্য দুজন হলেন শিমুল চৌধুরী ও প্রবীর ভট্টাচার্য। গত রোববার বিকেলে তদন্ত দলের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। ওই দিন বিকেলেই তাঁরা জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সঙ্গে বৈঠক করেন।গতকাল সোমবার সকাল ১০টার দিকে তদন্ত দল পুলিশ সুপার মোখলেছুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করে। সেখান থেকে তারা চলে যায় কুরুলিয়া খালসংলগ্ন গণকবরে। পরে যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের পৈরতলা রেলক্রসিংসংলগ্ন বধ্যভূমিতে। দলটি সার্কিট হাউসেও ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষকসহ একাত্তরের ঘটনা জানা কয়েকজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলে। তদন্ত দলটি আরও দু-এক দিন ব্রাহ্মণবাড়িয়া অবস্থান করবে। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের গ্রামের বাড়ি জেলার নবীনগর উপজেলার বীরগাঁও যেতে পারে তারা।তদন্ত দলের প্রধান মতিউর রহমান জানান, মানবতাবিরোধী অপরাধে চিহ্নিত কয়েকজন ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না। একটি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, একাত্তর সালের ঈদের দিনে পুলিশের দারোগা মুক্তিযোদ্ধা শিরু মিয়া ও তাঁর ছেলেকে জেলখানা থেকে বের করে এনে হত্যা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হোসেন জানান, তদন্ত দল তাঁকে ডেকে পাঠিয়েছিল। তারা মানবতাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য জানতে চেয়েছে তাঁর কাছে। একাত্তর সালে পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী শাহজাহান মিয়া বলেন, মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে তাঁর কাছে জানতে চেয়েছে তদন্ত দল।