ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুটি মামলা, প্রতিবাদ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। এতে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১০ মামলায় ৭ হাজার ২০০ জনকে আসামি করা হলো।
ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন, মুক্তিযোদ্ধা সংসদ, রেলস্টেশনসহ ছয়টি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মিছিল-সমাবেশ করেছেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মুক্তিযোদ্ধারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ জানায়, আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বলা হয়েছে, মাদ্রাসার অজ্ঞাতনামা ৩০০ ছাত্র আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০০ অজ্ঞাতানামা ব্যক্তি শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া ১০ মামলার তদন্ত গতকাল পর্যন্ত শুরু হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ প্রথম আলোকে বলেন, পুলিশ শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এখন বেশি ব্যস্ত। পরে মামলাগুলোর তদন্তে মনোযোগী হবে পুলিশ।
এদিকে চার দিনেও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা হয়নি। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোবারক উল্লাহ বলেন, মামলা দায়েরের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মুরব্বিদের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, মাদ্রাসায় স্বাভাবিক ক্লাস হচ্ছে।
মাদ্রাসার ছাত্র মাসুদুর রহমানের মৃত্যুর জের ধরে মঙ্গলবার শহরের যেসব স্থানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেসব স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ কর্মকর্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও বাইরে থেকে পুলিশ এনে শহরে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান বলেন, তদন্ত গুছিয়ে আনা হচ্ছে। রোববারের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তের স্বার্থে সময় বাড়ানোর আবেদন করা হবে। তিনি বলেন, গত সোম ও মঙ্গলবারের ঘটনার জন্য দুটি রাজনৈতিক দল পরস্পরকে দায়ী করেছে। শহরের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সাংস্কৃতিক জোট ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল পুরোনো কাচারী পুকুরসংলগ্ন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে একটি মিছিল বের করে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য দেন সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের সম্পাদক আবদুল মান্নান সরকার, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্পাদক অরুণাভ পোদ্দার, জেলা উদীচীর উপদেষ্টা সাজিদুল ইসলাম।
ঢাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে সমাবেশ করে জোটের নেতা-কর্মীরা এ দাবি জানান।
সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষে নিহত মাদ্রাসাছাত্রের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতশিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন, সাহিত্য একাডেমি ও মুক্তিযোদ্ধাদের অর্থায়নে নির্মিত মার্কেটের ওপর হামলা কোনো আবেগতাড়িত ঘটনা নয়। এ ঘটনা পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। যে সংস্কৃতি সব ধর্ম-বর্ণের মানুষের মিলন ঘটায় সে সংস্কৃতিকে তারা ধ্বংস করতে চায়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, দেশ আজ সংকটের মধ্যে নিপতিত। এ হামলার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ আছে। তা না হলে কেন শুধু সাংস্কৃতিক কেন্দ্র, দলীয় নেতাদের বাড়িতে হামলা হবে? ব্যবসায়ীদের সঙ্গে ঝামেলা হলে তো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করার কথা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, সামনে মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউয়ের রায় হবে। ব্রাহ্মণবাড়িয়ার হামলার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, সেটা খুঁজে দেখতে হবে।