ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে মাহফিল আয়োজন ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব উচ্চবিদ্যালয় মাঠে একই সময় দুই পক্ষের মাহফিল আয়োজনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় প্রশাসন জানায়, আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাসুদেব উচ্চবিদ্যালয় মাঠ এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে। দুই পক্ষই আজ সকাল ১০টায় ওই স্থানে মাহফিল করার ঘোষণা দিয়েছিল।বাসুদেব উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও একটি পক্ষের মাহফিল আয়োজক কমিটির সভাপতি দারুল ইসলাম বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তাঁরা আগেই বাসুদেব উচ্চবিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে মাহফিল করার ঘোষণা দেন। কিন্তু একই স্থানে বাসুদেব গ্রামের স্থানীয় তরুণেরা ইসলামি মহাসম্মেলনের নামে দুই দিনের মাহফিল করার ঘোষণা দেন।অন্যদিকে ইসলামি মহাসম্মেলনের আয়োজকদের পক্ষে বাসুদেব গ্রামের মো. ইয়াহিয়া ভূঁইয়া বলেন, তাঁরাই আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মাহফিল করার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদনও করেন তাঁরা।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম বলেন, একই স্থানে এবং একই সময়ে দুই পক্ষ মাহফিল আয়োজন করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। দুই পক্ষের সঙ্গে আলোচনা করেও কোনো মীমাংসা না হওয়ায় বাসুদেব উচ্চবিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।