ব্রাহ্মণবাড়িয়ায় একটি আসনে নতুন মুখ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগের চার বর্তমান সাংসদই দলীয় মনোনয়ন পেয়েছেন। একটি আসনে নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। আরেকটি আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
গতকাল রোববার দলের ওই পাঁচ প্রার্থী দলীয় কার্যালয় থেকে প্রার্থিতার চিঠি সংগ্রহ করেছেন। এবারও মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের বর্তমান সাংসদেরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বি এম ফরহাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাংসদ এ বি তাজুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন নতুন মুখ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবাদুল করিম। এই আসনের বর্তমান সাংসদ ফয়জুর রহমান। তিনিও মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এই আসনে আওয়ামী লীগের ১৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দেন। তবে আসনটি বর্তমানে জাতীয় পার্টির দখলে রয়েছে। দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা এই আসনের বর্তমান সাংসদ। ২০০৮ সালের নির্বাচনেও এ আসনে জাপা জয় পায়।
জেলার চার আসনে আওয়ামী লীগ থেকে বর্তমান চার সাংসদের দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ায় নাসিরনগর, সদর, আখাউড়া, কসবা ও বাঞ্ছারামপুর উপজেলায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলীয় নেতা-কর্মীরা সাংসদদের ছবি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নতুন মুখ হিসেবে দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ায় এবাদুল করিমের কর্মী–সমর্থকেরাও এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি জোটের জন্য রাখা হয়েছে।