ব্রাহ্মণবাড়িয়ায় করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে, শনাক্ত ৫০০ ছাড়াল

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগজনক হারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। জেলার ৯ উপজেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১১। গতকাল বৃহস্পতিবার জেলায় নতুন করে ১০৫ জন করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন, যা এক দিনে সর্বোচ্চ। জেলায় করোনা সংক্রমিত ব্যক্তিদের ৭৪ দশমিক ৩৬ শতাংশই চলতি জুন মাসের ১৭ দিনে (২-১৮ জুন) আক্রান্ত হয়েছেন। করোনায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে, যার চারজনই জুন মাসের প্রথম ১২ দিনে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ থেকে ১৮ মে পর্যন্ত ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো ২ হাজার ২৫০ নমুনার মধ্যে গতকাল সন্ধ্যায় ৪৭৮ জনের ফল পৌঁছায়। যেখানে ১০৫ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়। এই ১০৫ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৪৭ জন, কসবায় ৩৭ জন, সরাইলে ৮ জন, নবীনগরে ৭ জন, আশুগঞ্জে ৪ জন ও বিজয়নগর উপজেলায় ২ জন। এগুলোর নমুনা পাঠানো হয়েছিল ৭ জুন। এর আগে জেলায় সর্বশেষ ১২ জুন নমুনার ফল এসেছিল, যেখানে ৫৩ জনের পজিটিভ হওয়ার কথা বলা হয়। ওই প্রতিবেদনে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছাড়িয়ে যায় ৪০০। এবার নমুনা জটের কারণে পাঁচ দিন পর পাওয়া নমুনার ফলে জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছাড়িয়েছে ৫০০।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় করোনা শনাক্তের প্রথম ৪৫ দিনে ১০০ জন, পরের ১১ দিনে ১০৬ জন, পরের পাঁচ দিনে ৯৯ জন, তার পরের তিন দিনে ১০১ জন এবং সর্বশেষ ছয় দিনে ১০৫ জন করোনায় সংক্রমিত বলে শনাক্ত হন। এখন পর্যন্ত ৭ হাজার ৬৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল রাত পর্যন্ত ৫ হাজার ৮৯১ জনের নমুনার ফল পাওয়া গেছে। ১১ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ১৩১। আর ২ জুন থেকে ১৮ জুন রাত আটটা পর্যন্ত আসা নমুনার ফলাফলে আরও ৩৮০ জন শনাক্ত হন।
জেলায় আজ শুক্রবার বেলা তিনটা পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৫১১ জনের। এসব সংক্রমিত ব্যক্তির পরিসংখ্যান ঘেঁটে জানা গেছে, জেলায় কোভিড-১৯ রোগীদের ৭৪ দশমিক ৩৬ শতাংশই ২ থেকে ১৮ জুন—এই ১৭ দিনে শনাক্ত হয়েছেন। ২ থেকে ১২ জুন পর্যন্ত ১১ দিনে শনাক্ত হয়েছিলেন ২৭৬ জন। এর পাঁচ দিন পর ১৮ জুন (গতকাল) শনাক্ত হয়েছেন ১০৫ জন। প্রতিদিন প্রায় ২২ জন করে শনাক্ত হয়েছেন। এদিকে মৃত ছয়জনের চারজনই জুন মাসের প্রথম ১২ দিনে মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৯ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনজন স্বাস্থ্যকর্মী বলেন, করোনায় পজিটিভ হওয়ার পরের ১৪ দিনে দ্বিতীয় দফায় নমুনা দিতে হয়। কিন্তু গতকাল যাঁদের নমুনার ফল পজিটিভ এসেছে, তাঁরা ইতিমধ্যে ১২ দিন পার করে ফেলেছেন। অনেকেই ইতিমধ্যে হয়তো ‘নেগেটিভ’ও হয়ে গেছেন। আবার তাঁদের সংস্পর্শে আসা অনেকেই নতুন করে সংক্রমিতও হয়তো হয়েছেন। কারণ, নমুনা দেওয়ার পর ফল না আসা পর্যন্ত অধিকাংশই যাঁর যাঁর কাজ করে যাচ্ছেন। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
স্থানীয় প্রভাষক আজিজুর রহমান ও স্কুলশিক্ষক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, জেলায় করোনার সংক্রমণের পরিস্থিতির অবনতি হচ্ছে। দ্রুত একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করে সব বিভাগকে সমন্বয় করে কিছু করা উচিত।
জানতে চাইলে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, জেলায় করোনায় সংক্রমিত ৫১১ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ১৬১ জন, নবীনগরে ১০২ জন, কসবায় ১০০ জন, আখাউড়ায় ২৬ জন, বিজয়নগরে ১৬ জন, নাসিরনগরে ২৩ জন, বাঞ্ছারামপুরে ৩২ জন, সরাইলে ২৯ জন ও আশুগঞ্জ উপজেলায় ২২ জন রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা–পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর ও কসবা পৌরসভার ১১টি এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।