ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ এমপিওভুক্তির দাবিতে রেললাইন অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক আলহাজ শাহ আলম কলেজ এমপিওভুক্তির দাবিতে গতকাল রোববার তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধ করে রাখেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার লোকজন। পরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ঘটনাস্থলে পৌঁছে কলেজটি এমপিওভুক্তির আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।জানা গেছে, বিক্ষোভকারীরা উপজেলার মন্দভাগ রেলস্টেশনে সকাল নয়টায় চাঁদপুর থেকে ভৈরবগামী একটি লোকাল ট্রেন আটকে দেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট পথের আন্তনগর সুবর্ণসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান ঘটনাস্থলে পৌঁছে কলেজটি এমপিওভুক্তির আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।বায়েক আলহাজ শাহ আলম কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম বলেন, প্রতিবছর এই কলেজ থেকে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করছে। এমপিওভুক্তির সব শর্ত পূরণ করার পরও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন, শিক্ষার্থী ও শিক্ষকেরা রেললাইন অবরোধ করেন। মন্দভাগ রেলস্টেশনের মাস্টার মো. ইলিয়াছ বলেন, বিক্ষোভকারীরা ভৈরবগামী লোকাল ট্রেনটি প্রধান লাইনে আটকে দেন এবং তাঁর অফিসে তালা লাগিয়ে দেন। তিন ঘণ্টা পর তাঁরা তালা খুলে দেন।জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, কলেজটির বিগত কয়েক বছরের ফলাফল ও বর্তমান পরিস্থিতি মন্ত্রণালয়কে জানিয়ে এটি এমপিওভুক্তির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।