ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিক ও দুই কর্মচারীকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারসহ নানা অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি ক্লিনিক ও তার কর্মচারী এবং অপর একটি রোগনির্ণয় কেন্দ্রের এক কর্মচারীকে গতকাল মঙ্গলবার প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল নির্বাহী হাকিম বি এম রুহুল আমীনের নেতৃত্বে জেলা শহরের কুমারশীল মোড়ে অভিযান চালানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে আদালত গ্রামীণ জেনারেল হাসপাতালে অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও শয্যার বিপরীতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক না থাকায় গ্রামীণ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ৯০ হাজার টাকা এবং রোগনির্ণয়ের পরীক্ষা করার যথাযথ সনদ না থাকায় হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান লুৎফুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত দুপুর ১২টার দিকে প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ওই রোগনির্ণয় কেন্দ্রের টেকনিশিয়ান অপু দেবকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।