ব্রাহ্মণবাড়িয়ায় খেলার মাঠ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ফুটবল খেলার মাঠের আধিপত্য বিস্তার নিয়ে গতকাল বৃহস্পতিবার দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। পাঘাচং রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষ চলার সময়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় পক্ষের প্রায় ৩০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর হয়।এ ঘটনায় সদর উপজেলার মাছিয়াতা ইউনিয়নের চান্দপুর ও পাঘাচং গ্রামের ১০ জনকে আটক করা হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম, থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব, ইসমাইল হোসেন, কনস্টেবল আশরাফুল, মোরশেদ ও জহিরুল। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন।গ্রামবাসী সূত্রে জানা গেছে, চান্দপুর তমিজউদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে চান্দপুর ও পাঘাচং গ্রামের যুবকেরা দীর্ঘদিন ধরে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করে আসছে। সম্প্রতি ওই মাঠে কোন গ্রামের যুবকেরা খেলবে, তা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে গত মঙ্গলবার মাঠে সালিস বসে। সালিসে সিদ্ধান্ত হয় আর কোনো মাঠ না থাকায় দুই গ্রামের ছেলেরা মিলেমিশে খেলবে। এতে উভয় গ্রামের কিছু যুবক নাখোশ ছিল। পরদিন বুধবার বিকেল পাঁচটায় দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।মাছিয়াতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ মুন্সি প্রথম আলোকে বলেন, বুধবারের ঘটনার বিচার এবং যুবকদের মধ্যে সংঘর্ষ এড়াতে ওই দিন গভীর রাত পর্যন্ত দুই গ্রামের মাতবরেরা বৈঠক করেন। কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। অনাকাঙ্ক্ষিতভাবে গতকাল সকালে আবারও সংঘর্ষ বাধে।এদিকে গতকাল সকাল সাতটা থেকে উভয় গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল নয়টার দিকে উভয় পক্ষ পাঘাচং রেলস্টেশনে উঠে একে অন্যের দিকে রেললাইনের পাথর ছুড়ে মারে।সদর থানার ওসি মো. হামিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শতাধিক শেল ও রাবার বুলেট ছোড়া হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়।সংঘর্ষের কারণে তমিজউদ্দিন উচ্চবিদ্যালয়ের গতকালের পরীক্ষা বাতিল করা হয়।আখাউড়া রেল জংশন সূত্রে জানা গেছে, রেললাইনের ওপর সংঘর্ষের সময় ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তনগর উপকূল, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে; চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও শায়েস্তাগঞ্জ থেকে ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেন আখাউড়া স্টেশনে আটকা পড়ে। চান্দপুর গ্রামের যুবক আরিফ জানান, পাঘাচংয়ের লোকজন জোর করে চান্দপুর মাঠে খেলতে চাইলে বাধা দেওয়ার পর চান্দপুরের লোকজনের ওপর তারা হামলা চালায়। আর পাঘাচং গ্রামের মনির মিয়া জানান, তাঁরা মাঠে খেলতে গেলে চান্দপুরের লোকজন কোনো কারণ ছাড়াই তাঁদের মারধর করে।