ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির চাপায় দুই পথচারী নিহত
র্যাবের একটি গাড়ি তীব্র গতিতে মাদকবাহী অপর একটি গাড়ি তাড়া করছিল। একপর্যায়ে র্যাবের গাড়িটি মাদকবাহী গাড়ির ধাক্কায় পড়ে যায় খাদে। এ সময় ওই দুই গাড়ির চাপায় নিহত হয় দুই পথচারী। গত শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই পথচারী হলেন সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকার আলী মিয়ার ছেলে ইব্রাহিম (২০) ও একই এলাকার ছনু মিয়ার ছেলে ইয়াছিন (১৮)। পুলিশ মাদকবাহী গাড়ির চালকের সহকারী সবুজ মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি হবিগঞ্জের লশকরপুর এলাকায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থল নন্দনপুর থেকে উত্তর সুহিলপুর এলাকার ইব্রাহিমের লাশ উদ্ধার করে। ঘটনার দুই ঘণ্টা পর ইয়াছিনের লাশ ঘটনাস্থল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে আশুগঞ্জ উপজেলার তালশহরের ধানশহর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় ১৫০ কেজি গাঁজাসহ মাদকবাহী ওই গাড়ির চালকের সহকারী সবুজকে আটক করে পুলিশ। তবে গাড়ির চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় র্যাব-১৪-এর সদস্যরা মাদকবাহী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করেন। নন্দনপুর এলাকায় পিকআপ ভ্যানকে আটকাতে চেষ্টা করলে র্যাবের গাড়িটি রাস্তার বাঁ পাশের খাদে পড়ে যায়। ওই সময় গাড়ির নিচে চাপা পড়ে পথচারী ইব্রাহিম নিহত হন। একই সময় মাদকবাহী গাড়ি পথচারী ইয়াছিনকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর নন্দনপুর এলাকা অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ক্রেনের সাহায্যে খাদ থেকে র্যাবের গাড়িটি উদ্ধার করা হয়। একই সঙ্গে র্যাব ও সদর থানা-পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
সদর থানার উপপরিদর্শক (দ্বিতীয় কর্মকর্তা) ইশতিয়াক আহমেদ জানান, আশুগঞ্জের তালশহরের ধানশহর এলাকা থেকে মাদকবাহী পিকআপ ভ্যানটি আটক করা হয়। সেখানে গাড়ির পাশে রাস্তায় ইয়াছিনের লাশ পড়া ছিল। তিনি জানান, সম্ভবত গাড়ির সামনের (বাম্পার) নিচের অংশে লাশ আটকে ছিল।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল আহমেদ দাবি করেন, র্যাবের গাড়ির চাপায় নয়, মাদকবাহী গাড়ির চাপায় দুজন পথচারী নিহত হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে নিহত ইব্রাহিমের বাবা আলী মিয়া জানান, বাড়ি আসার পথে রাস্তায় র্যাবের গাড়ির চাপায় ইব্রাহিম নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিকআপ ভ্যানের চালক সবুজ মিয়াকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে মনে হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে গতকাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।