ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ার জামাল মিয়ার বাড়ি থেকে গত বৃহস্পতিবার তাঁর মেয়ে সায়মা আক্তারের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল।সায়মার ফুপাতো ভাই হুমায়ুন কবিরের ভাষ্য, বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলার পর নিজের ঘরে চলে যান সায়মা। পরে ডাকাডাকি করে তাঁর সাড়া না পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। রাত আটটার দিকে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে সায়মার লাশ উদ্ধার করে।এলাকাবাসী জানায়, বছর খানেক আগে একই মহল্লার লোকমান হোসেনের ছেলে মীর সাব্বিরের সঙ্গে প্রেম করে বিয়ে হয় সায়মার। দুই পরিবার এই বিয়ে মেনে নিলেও আনুষ্ঠানিকভাবে সায়মাকে তুলে নেয়নি সাব্বিরের পরিবার। এ কারণে বাবার বাড়িতেই থাকতেন সায়মা। এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। সায়মার শ্বশুর লোকমান হোসেন বলেন, তাঁর ছেলে ও সায়মার মধ্যে দাম্পত্য কলহ ছিল না। সায়মা আত্মহত্যা করেছেন বলে তাঁর ধারণা। তবে এই আত্মহত্যার কারণ তিনি আঁচ করতে পারছেন না।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রসুল আহাম্মেদ বলেন, ময়নাতদন্তের জন্য সায়মার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।