বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেডের বাছাই করা ১৪৩ জন কর্মচারীকে নিয়োগপত্র প্রদান এবং আবাসিক গ্যাস-সংযোগ চালুর দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ।শহরের বিরাসার এলাকায় অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে ওই সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের সদস্য খবির উদ্দিন, রফিকুল ইসলাম, জুবায়ের আহমেদ, রতন সরকার, এ এইচ এম নাহিদ কবীর প্রমুখ।মেজর (অব.) জহিরুল হক খান বলেন, ‘সারা দেশে সরবরাহ করা গ্যাসের ৪০ শতাংশই ব্রাহ্মণবাড়িয়া থেকে উত্তোলিত হয়। দুঃখের বিষয়, এই শহরের আবাসিক গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এতে নতুন বাড়ির মালিকেরা বিপাকে পড়েছেন।’চাকরিপ্রার্থীরা বলেন, ‘চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়ার পরও নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। গত সেপ্টেম্বরের পর আমাদের কাছে দুই মাস সময় চাওয়া হয়েছিল। আগামী ৭ জানুয়ারি দুই মাস পূর্ণ হতে যাচ্ছে। এর মধ্যে দাবি আদায় না হলে আমরা আগামী ৮ জানুয়ারি গ্যাসফিল্ডস কোম্পানির প্রধান কার্যালয় ঘেরাওসহ কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করব।’