ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা ট্রেন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনটির পরিচালকসহ (গার্ড) কমপক্ষে আটজন আহত হন। তবে অপর একটি রেললাইন সচল থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আহত তাজুল ইসলাম নামে একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আখাউড়া রেলওয়ে জংশন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভাতশালা রেলস্টেশনে ঢোকার পথে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পরও সেটি প্রায় ৪০০ মিটার পথ অতিক্রম করে। এতে ওই লাইনের প্রায় ৫০ ফুট রেললাইন এঁকেবেঁকে যায়। এ দুর্ঘটনায় প্রায় ২০০টি কনক্রিটের স্লিপার ওঠে যায়। পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত দুটি বগি লাইনে তোলা হয়েছে।চট্টলা ট্রেনের পরিচালক (গার্ড) আবদুল্লাহ আল আমিন বলেন, কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা বোঝা যায়নি।রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) সরদার সাহাদাত আলী বলেন, বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে কারণ নিশ্চিত করে বলা যাবে।