ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি দামে কাপড় বিক্রির অপরাধে চার দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বি এম রুহুল আমীন ও নির্বাহী হাকিম উম্মে হানী এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, শহরের বেশ কয়েকটি কাপড়ের দোকানে ক্রেতাদের কাছ থেকে অনেক বেশি দাম রাখছেন বিক্রেতারা, এমন অভিযোগ জানতে পারে জেলা প্রশাসন। এই প্রেক্ষাপটে গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের সড়ক বাজার ও কোর্ট রোড এলাকার চারটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ক্যাশ মেমো দেখাতে না পারায় এবং অতিরিক্ত দামে কাপড় বিক্রির অপরাধে সড়ক বাজারের শাড়ির দোকান ইলোরা ক্লথ স্টোরকে ৫০ হাজার টাকা ও মুক্তা ক্লথ স্টোরকে ৩৫ হাজার এবং কোর্ট রোড এলাকায় অবস্থিত ড্যাজল ফ্যাশন হাউসকে ৫০ হাজার ও পাঞ্জাবির দোকান টপ টেক্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।