ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহনের কর্মচারীদের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নির্বাহী হাকিম সোহেল রানা পৌর শহরের পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাসভাড়া ২০০ টাকা। কিন্তু ঈদের ছুটি উপলক্ষে যাত্রীদের কাছ থেকে ২৫০ টাকা থেকে শুরু করে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছিল। এ বিষয়ে কয়েকজন যাত্রী সম্প্রতি জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বেলা একটার দিকে পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান নির্বাহী হাকিম সোহেল রানা। এ সময় উত্তরা পরিবহনের বাস কাউন্টারের কর্মচারীরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ২০০ টাকার পরিবর্তে ২৫০ টাকা এবং রয়েল, তিশা ও সোহাগ পরিবহন ৩০০ টাকা করে আদায় করছিল। অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পেয়ে আদালত উত্তরা ও রয়েল পরিবহনকে ৫ হাজার টাকা করে এবং তিশা ও সোহাগ পরিবহনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।