ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির ক্রীড়া সম্পাদক দেবাশীষ ভৌমিকের বাড়িতে গত রোববার রাতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তারা দেবাশীষের বাবাকে ছুরিকাঘাত করে এবং মায়ের গলা চেপে ধরে। পরে তারা পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয়।এ ঘটনায় দেবাশীষ গতকাল সোমবার জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক লিটন রায় ওরফে মেগা লিটন, ছাত্রলীগের ভাইগ্না সেলিমসহ সাতজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেছেন। দেবাশীষ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়া পক্ষের নেতা। এ ছাড়া সন্ত্রাসীরা গতকাল সকালে মাহমুদুলের পক্ষের লোক ভেবে দুজন নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত করে এবং দুই শ্রমিককে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে নির্মাণশ্রমিক ঠিকাদার শহরের সরকারপাড়ার বাদশা মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় লিটন রায়সহ ১০-১২ জনকে অভিযুক্ত করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। দেবাশীষের বড় ভাই ফুটবল খেলোয়াড় প্রবীর ভৌমিক অভিযোগ করেন, রোববার রাত ১১টার দিকে তাঁদের পাইকপাড়ার কুমারশীল মোড়ের বাসায় আসেন দেবাশীষের প্রতিপক্ষের কয়েকজন নেতা-কর্মী। এ সময় তারা বাবা ধীরাজ ভৌমিকের পায়ে ছুরিকাঘাত করে এবং মা শান্তি ভৌমিকের গলা চেপে ধরে। পরে তারা শান্তি ভৌমিকের গলার চেইনসহ পাঁচ ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা লুটে নেয় এবং টেলিভিশন, টেপরেকর্ডার ও কাচের তৈজসপত্র ভাঙচুর করে।ছাত্রলীগের বিলুপ্ত জেলা কমিটির সভাপতি মাহমুদুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানুল হক স্বল্পশিক্ষিত আকবর হোসেনকে জেলা ছাত্রলীগের সভাপতি করতে চান। আকবরের ঘনিষ্ঠ বন্ধু ও একই পাড়ার দেবাশীষ প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তাই আকবর ও যুবলীগের মেগা লিটন দেবাশীষের মা-বাবাকে লাঞ্ছিত করে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। অভিযোগ অস্বীকার করে আকবর হোসেন বলেন, ‘দেবাশীষের মা-বাবাকে আমি নিজের মা-বাবার মতো সম্মান করি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানি না। অযথাই আমাদের দায়ী করা হচ্ছে।’