ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সাবেক নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়ার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার সড়ক অবরোধ করেছে তাঁর সমর্থকেরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে পুলিশ গতকাল জুয়েল নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত সোমবারের সহিংস ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হলো। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় জেলা শহরের টিএ রোড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন মাহমুদুল হক ভূঁইয়া-সমর্থিত নেতা-কর্মীরা। অবরোধের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে সাধারণ লোকজন ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ এ সময় কাজীপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জুয়েলকে (৩০) গ্রেপ্তার করে। দ্রুত বিচার আইনে করা একটি মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়াকে গত রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবাদে মাহমুদুলের সমর্থকেরা ওই রাতে ও পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া তারা অবরোধ করে সড়ক ও রেলপথ। মাহমুদুলের সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশের ১০ জনসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এ ঘটনায় গত সোমবার দিবাগত রাত দেড়টায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় এর আগে জুয়েল চক্রবর্তীকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবদুর রব প্রথম আলোকে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।