ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের ছুরিতে দুই ছাত্রের আহত হওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্ররা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল এবং সড়ক ও রেলপথ অবরোধ করেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের তাজুল ইসলাম ছাত্রাবাসের সামনে ওই ছাত্রদের ওপর হামলা করা হয়। আহত ছাত্ররা হলেন ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র আবু জাহান চৌধুরী (২৩) ও একই বর্ষের ফরিদুল হক (২৪)। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আবু জাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কলেজের সাধারণ ছাত্ররা শহরে বিক্ষোভ মিছিল এবং দুপুর সাড়ে ১২টার দিকে কলেজসংলগ্ন রেলগেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে দুপুর দুইটা পর্যন্ত ভৈরবগামী চাঁদপুর লোকাল ট্রেন আখাউড়া জংশন, চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেন ভৈরব স্টেশনে আটকা পড়ে।প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, পূর্ববিরোধের জের ধরে শহরের কলেজপাড়া এলাকার ‘দিদার বাহিনীর’ সদস্য রকসি, রিফাত ও রাজীবের নেতৃত্বে আট থেকে ১০ তরুণ তাজুল ইসলাম ছাত্রাবাসের সামনে এসে ফটকের কাছে আবু জাহান ও ফরিদুলকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়। ছাত্ররা দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অস্ত্রোপচার করে আবু জাহানের পেট থেকে ছুরি বের করা হয়। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভ মিছিল করে এবং পরে সদর থানার সামনে বিক্ষোভ করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। ছাত্ররা পরে সড়ক ও রেলপথ অবরোধ করলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাঁদের সঙ্গে আলোচনায় বসেন।অধ্যক্ষ কাজী মো. মোস্তফা জালাল বলেন, বৈঠকে পুলিশ শিগগিরই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং কলেজ ও ছাত্রাবাসে ২৪ ঘণ্টা নিরাপত্তার আশ্বাস দিলে দুপুর দুইটার দিকে অবরোধ তুলে নেন ছাত্ররা।