ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া শহরে তিনতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে সাকিব হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পৌর শহরের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সাকিব (১৩) ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। সে শহরের আনন্দবাজারে একটি মাছের আড়তে কাজ করত।
স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে সাকিব পৌর শহরের খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের ছাদে ওঠে। এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক আশরাফুল হক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মঈনুর রহমান বলেন, ‘ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু হয়েছে এমন খবর এখনো আমরা পাইনি। এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগও করেননি।’