ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত পরিচালিত কলেজের ছাত্রাবাসে বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়ায় গত বৃহস্পতিবার রাতে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটি ছাত্রাবাসের কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কক্ষটির জানালার কাচ এবং বাতি ভেঙে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রাবাস থেকে একজন শিক্ষকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে চারজন এসএসসি পরীক্ষার্থী। গতকাল শুক্রবার দুপুরে ওই ঘটনায় পুলিশ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম বলেন, ছাত্রাবাসের ৩০২ নম্বর কক্ষে ককটেল তৈরির সময় বিস্ফোরণটি ঘটতে পারে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো: কলেজের শিক্ষক মফিজুল ইসলাম (২৬), এসএসসি পরীক্ষার্থী মাহমুদুল হাসান (১৮), মনিরুল ইসলাম (১৭), মুকিত সরকার (১৮), মাহবুবুল ইসলাম (১৮), দশম শ্রেণীর ছাত্র মো রুমান (১৮) ও নৈশপ্রহরী মো. আতিকুর রহমান (২৮)। গতকাল দুপুরে পুলিশ সুপার মোখলেছুর রহমান বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কক্ষটি পরিদর্শন করেন।ওসি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থানীয় জামায়াতের নেতাদের অর্থায়নে পরিচালিত। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ১৯ সদস্য স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা।