ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের অপসারণ চেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের উপনির্বাচনে পক্ষপাতের অভিযোগ এনে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। গতকাল রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এ দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। এ সময় দলীয় প্রার্থী প্রকৌশলী মো. খালেদ হোসেন মাহবুবসহ জেলা বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির নেতারা সাংবাদিকদের জানান, জেলা প্রশাসক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শশাংক শেখর ভৌমিক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জয় সরকার ও বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ ক্ষমতাসীন দলের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে কাজ করছেন। ১২ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ব্রাহ্মণবাড়িয়া সফরে এলে তাঁর কাছে তাঁরা এ নিয়ে লিখিত অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। নেতারা অভিযোগ করেন, ১২ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করার সময় নৌকা প্রতীকের পক্ষে শহরে মিছিল করা হয়।জেলা প্রশাসক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এসব অভিযোগ সঠিক নয়। অপরদিকে আওয়ামী লীগদলীয় প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীও তাঁর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন।