ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ঘরবাড়ি ফসলের ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল শুক্রবার ভোরে কালবৈশাখীতে প্রায় ৪০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে সরাইলে গত বৃহস্পতিবার ঝড় ও শিলাবৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমিসহ শতাধিক বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
এলাকার অনেকে জানান, ভোরে হঠাৎ করে কালবৈশাখী শুরু হয়। এতে বুধন্তি ইউনিয়নের বিন্নিঘাট গ্রামের প্রায় ৪০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় গাছপালাসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়।
এ ছাড়া ঝড়ের সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গাছ ভেঙে পড়ে। এ কারণে পুরো উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বিন্নিঘাট গ্রামের ক্ষতিগ্রস্ত লিটন মিয়া জানান, ঝড়ে তাঁর একটি মিল ঘর ও একটি বসতঘর পুরো বিধ্বস্ত হয়ে গেছে। এতে তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া জানান, ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড়ে সরাইলের শাহজাদাপুর উচ্চবিদ্যালয়, জয়দরকান্দি আলিম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও শাহজাদাপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা ভবন বিধ্বস্ত হয়ে গেছে। ঝড়ের পর পুরো উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গতকাল দুপুরে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে উপড়ে পড়েছে অসংখ্য গাছ।
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে জানান, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।