ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো দুর্গত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার টর্নেডো বিধ্বস্ত তিনটি গ্রামে দুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যরা ত্রাণ বিতরণে সহায়তা করেন। ত্রাণ পেয়ে দুবলা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী শামীম আরা বেগম বলেন, ‘প্রথম আলোর হেরা যেই পুটলা দিছে, এইডার মধ্যে নুন-তেল-চাইল সবই আছে। সব একসাথে মিলাইয়া এমন পুটলা আর কেউ দেয় নাই।’ গতকাল দুবলা, জারুলতলা ও চান্দি গ্রামে মোট ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৬০০ কেজি চাল ও আলু, ২০০ কেজি পেঁয়াজ, ১০০ কেজি ডাল, তেল ও লবণ, ২০০ পিস মোমবাতি ও দেশলাই এবং ৪০০ এসএমসির ওরস্যালাইন। ত্রাণ বিতরণে অংশ নেন বন্ধুসভার সভাপতি শাহীন মৃধা, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, দীপংকর, নাহিদ কবীর, অভিজিৎ রায়, পলাশ বণিক, লিমন ভূঁইয়া, সফিউল্লাহ খান, মামুন পাঠান, শায়লা, নুসরাত জাহান, মহিবুর রহমান, ফারিয়া, জান্নাতুল ফেরদৌস, জেরিন, ফারহানা, তানজিলা, ওয়াকার, সাইফুল ইসলাম, মোনাসিফ, রাজীব হোসেন প্রমুখ।