ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি গ্রামের অটোরিকশার চালক শাহ আলম (৩৫) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাংগড়া গ্রামের মদন মোহন (৩৫), একই গ্রামের রথীন্দ্র নমশূদ্র (৩০) ও ইসমাইল মিয়া (২৫)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশাকে একসঙ্গে ধাক্কা দিলে ট্রাক্টরসহ দুটি অটোরিকশা বাম পাশের খাদে পড়ে যায়। এ সময় একটি অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর দুজন এবং ঢাকায় নেওয়ার পথে আরও দুজন নিহত হন। তিনি বলেন, বেপরোয়া গতিতে ট্রাক্টরটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পলাতক।