ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সংস্কারসহ নানা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস কমিউটার ট্রেনের সংস্কারসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শাহ মো. নাসিম, কাউন্সিলর শাহ আলম খন্দকার।বক্তারা বলেন, প্রতিদিন কয়েক হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়া-আসা করেন। চাকরিজীবীদের বেশির ভাগ তিতাস কমিউটার ট্রেনে যাতায়াত করেন। কিন্তু ট্রেনটি নির্ধারিত সময়ে চলাচল না করায় তাঁরা সময়মতো ঢাকায় পৌঁছতে পারেন না। বক্তারা বলেন, এ ছাড়া ট্রেনটির আসনের অবস্থা ভালো নয়, শৌচাগারে পানির ব্যবস্থা নেই, বৈদ্যুতিক পাখাগুলো দীর্ঘদিন ধরে অচল ও রাতের বেলা অধিকাংশ বগিতে বাতি জ্বলে না। বক্তারা আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও দুপুর বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ রেলপথে ঢাকাগামী কোনো ট্রেন নেই। বক্তারা এ রেলপথে নতুন ট্রেন চালুর দাবি জানান।বক্তাদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আশপাশে কালোবাজারিরা চড়া দামে টিকিট বিক্রি করে।