ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপনির্বাচনে কারচুপির অভিযোগে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে দোকানপাট খোলা ছিল। যানবাহনও চলেছে। তবে বিএনপি বিক্ষিপ্তভাবে কয়েকটি মিছিল করেছে।গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার একাংশ) আসনে উপনির্বাচন হয়। এতে বিএনপির প্রার্থী ৪০ হাজার ৫১০ ভোটে পরাজিত হন। এরপর বিএনপি এই নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনসহ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে হরতাল ডাকে।পুলিশ সুপার জামিল আহমেদ গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, হরতাল চলাকালে সবকিছু স্বাভাবিক ছিল। কোথাও কোনো সমস্যা হয়নি।হরতাল চলাকালে সকালে শহরের রাস্তাঘাটে যান চলাচল ও লোকজনের উপস্থিতি কম ছিল। তবে কুমিল্লা-সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা মহাসড়কে যান চলাচল করেছে স্বাভাবিকভাবেই। অফিস-আদালতও খোলা ছিল। দোকানপাট ও বিপণিবিতানগুলো সকালে খোলা ছিল না। তবে বেলা ১১টার দিকে সবকিছু স্বাভাবিক হয়ে আসে।এর আগে সকাল ১০টার দিকে জেলা বিএনপি একটি মিছিল বের করার চেষ্টা করে। জেলা বিএনপির সভাপতি হারুন আল রশিদ, সহসভাপতি ও পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে শহরের প্রধান সড়ক টিএ রোডে মিছিল বের করার চেষ্টা করা হয়। কিন্তু বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাবের মহড়ার পর তাঁরা নিজেদের গুটিয়ে নেন। বেলা ১১টার দিকে শহরের মৌলভীপাড়ায় পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে জাতীয়তবাদী মহিলা দলের কর্মী নীলুফার ইয়াসমিন এবং ছাত্রদলের দুজন কর্মী সামান্য আহত হন। এ ছাড়া হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বেলা ১১টার দিকে আদালত চত্বরে সমাবেশ করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রথম আলোকে বলেন, ‘হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর অতিরিক্ত বাড়াবাড়ির কারণে আমরা পিকেটিং, মিছিল ও সভা করতে পারিনি।’ গত বৃহস্পতিবার উপনির্বাচনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।