ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের বিচারবিভাগীয় তদন্ত দাবি
ব্রাহ্মণবাড়িয়া শহরে গত সপ্তাহে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে জেলা আওয়ামী লীগ।
আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অভিযোগ করেন, শহরজুড়ে চালানো ভয়াবহ তাণ্ডবে বিএনপি-জামায়াতের ইন্ধন ছিল।
উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ঘটনার দিন (১২ জানুয়ারি) শহরজুড়ে প্রকাশ্যে তাণ্ডব চালিয়েছে মাদ্রাসার ছাত্ররা। এ সময় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় ও নির্লিপ্ত ছিল। এই আচরণ রহস্যজনক। যারা এমনটা করেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন তিনি।
তাণ্ডবের আর্থিক ক্ষতি সম্পর্কে জানতে চাইলে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, স্থাপনাসহ অন্যান্য জিনিস ধ্বংসের আর্থিক ক্ষতি ৭০ কোটি টাকারও বেশি। তাণ্ডবে কিছু অমূল্য সম্পদ ধ্বংস হয়েছে, যার মূল্য টাকায় মাপা যায় না। তবু ক্ষতির কথা বলতে গেলে তা হাজার কোটি ছাড়িয়ে যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন প্রমুখ।
গত সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে জেলা পরিষদ মার্কেট এলাকায় একজন ইজিবাইকচালকের সঙ্গে কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্রের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় মাদ্রাসার ছাত্ররা জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনি আহমেদকে মারধরসহ দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষ হয়। একপর্যায়ে আহত মাদ্রাসার ছাত্র মাসুদুরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর জের ধরে পরদিন মঙ্গলবার জেলা রেলওয়ে স্টেশন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনসহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, গ্রন্থাগার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিক্ষুব্ধ মাদ্রাসার ছাত্র ও কিছুসংখ্যক বহিরাগত লোক এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।