ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ডুবে তরুণীসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় তিতাস নদীতে ডুবে এক তরুণীসহ দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শেফালী পাল (১৮) ও কামাল মিয়া (৩০)। গতকাল শুক্রবার তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা দুজনই সাঁতার জানতেন না বলে জানা গেছে।মৃত শেফালীর বাড়ি বিজয়নগর উপজেলার শিবনগর গ্রামে। তিনি গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।শেফালীর বড় ভাই প্রদীপ পাল প্রথম আলোকে জানান, এরপর নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পরও শেফালীর সন্ধান মেলেনি। গতকাল সকাল ১০টার দিকে ঘাট থেকে কিছু দূরে শেফালীর লাশ ভেসে ওঠে। ময়নাতদন্তের জন্য শেফালীর লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।একই দিন সন্ধ্যায় আখাউড়ার বিডিআর কোম্পানি হেড কোয়ার্টার-সংলগ্ন তিতাস নদীতে ভাগ্নে ভুট্টোকে নিয়ে জাল দিয়ে মাছ ধরতে যান কামাল। ভুট্টো জানান, একপর্যায়ে তাঁর মামা নদীতে পড়ে ডুবে যান। রাতে ওই স্থানে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে তাঁর লাশ ভেসে ওঠে। কামালের বাড়ি কিশোরগঞ্জের হুসেনপুর গ্রামে। তিনি আখাউড়ায় কৃষিশ্রমিকের কাজ করতেন। তাঁর লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, শেফালীর মৃত্যুতে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কামালের বিষয়টি পুলিশকে জানানো হয়নি।