নিজেদের গড়া ব্যবস্থায় চলছে এলাকাবাসীর গ্যাস ব্যবহার
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের গ্যাস উদ্গিরণ বন্ধ হয়নি

দেশের সবচেয়ে বড় ও সমৃদ্ধ গ্যাসক্ষেত্র তিতাসের মাটি ফুঁড়ে গ্যাস উদ্গিরণ বন্ধ হয়নি। উদ্গিরিত ওই গ্যাস নিজেদের উদ্ভাবিত পদ্ধতিতে পাইপের মাধ্যমে ব্যবহার করছেন এলাকাবাসী।
ব্রাহ্মণবাড়িয়া শহর–সংলগ্ন প্রায় ১৯ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তিতাস গ্যাসক্ষেত্রের অবস্থান। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) পরিচালনাধীন এই ক্ষেত্রটির প্রায় চার বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্রায় ১০ বছর ধরে গ্যাস উদ্গিরিত হচ্ছে। কর্তৃপক্ষের পর্যবেক্ষণ ও এলাকাবাসী বলেছেন, এখন উদ্গিরণের মাত্রা ও চাপ কমে এসেছে। একেবারে বন্ধ হতে হয়তো আরও কয়েক বছর লাগবে।
উদ্গিরিত এই গ্যাস এলাকাবাসী জাতীয় গ্রিডের মতো নেটওয়ার্ক গড়ে তুলে রান্নার কাজে ব্যবহার করছেন। গ্যাস ব্যবহারের জন্য তাঁদের কিনতে হয়েছে কেবল পাইপ। একসময় এই গ্যাস ব্যবহার করে চুন তৈরিসহ ছোটখাটো শিল্পকারখানাও চলেছে। তবে গ্যাসের চাপ কমে যাওয়ায় এখন কারখানা চলছে না।
যেসব জায়গার মাটি ফুঁড়ে গ্যাস বের হচ্ছে, সেখানে এলাকাবাসী দুই ইঞ্চি ব্যাসের একটি প্লাস্টিকের পাইপের মুখ কয়েক ফুট মাটির মধ্যে পুঁতে দিয়েছেন। পাইপের অন্য মুখ সংযুক্ত করা হয়েছে একটি ড্রাম কিংবা পানির ট্যাংকের মতো কোনো আধারের সঙ্গে। ওই আধারের ওপরের অংশ ছিদ্র করে সেখানে আবার অন্য একটি বা একাধিক পাইপ যুক্ত করা হয়েছে। এই পাইপ চলে গেছে একটি ইউনিয়নের (মজলিশপুর) বিভিন্ন স্থানে।
মাটিতে পোঁতা পাইপের মুখ দিয়ে গ্যাস ঢুকে জমা হচ্ছে ড্রাম বা ট্যাংকে। এরপর সেই গ্যাস ওই ড্রাম বা ট্যাংকের ওপর সংযুক্ত পাইপ দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন স্থানে। স্থানে স্থানে মোটা পাইপটি ছিদ্র করে সেখানে সংযুক্ত করা হয়েছে আধা ইঞ্চি বা তারও কম ব্যাসের পাইপ। এই পাইপ যুক্ত হয়েছে বাসাবাড়ির চুলার সঙ্গে।
মজলিশপুর ইউনিয়নে ঘুরলে যে কেউ দেখতে পাবেন বিভিন্ন স্থানে বসানো ড্রাম বা ট্যাংক। তার সঙ্গে সংযুক্ত করা আছে পাইপ। কোথাও কোথাও টিউবওয়েলের পাইপ বসানো হয়েছে। কোথাও কোথাও পানির জন্য বসানো টিউবওয়েল থেকেও স্বয়ংক্রিয়ভাবে গ্যাস উঠে আসছে পানির সঙ্গে। এসব ক্ষেত্রে ড্রাম বা ট্যাংকের মধ্যে গ্যাসের সঙ্গে পানিও জমা হচ্ছে। আলাদা পাইপ লাগিয়ে সেই পানি বের করার ব্যবস্থা করা হয়েছে।
গত ২৪ এপ্রিল সরেজমিনে উদ্গিরণ এলাকার বাকাইল, আনন্দপুর ও শ্যামপুর গ্রামে গেলে এলাকাবাসী বলেন, গ্যাস ওঠা কিছুটা কমেছে। এর আগে ২০০৮ সালের ২৬ এপ্রিল ও ২৪ জুলাই, ২০১০ সালের ২৪ ডিসেম্বর এবং ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি সরেজমিনে গ্যাস উদ্গিরণের যে পরিস্থিতি দেখা গিয়েছিল, তার তুলনায় এবার মাত্রা কম দেখা গেছে।
আগের মতো এবার মাঠের মধ্যে কোথাও আগুন জ্বলতে দেখা যায়নি। তিতাস নদের বুকে গ্যাস উদ্গিরণজনিত বুদ্বুদও প্রায় দেখা যায় না। উদ্গিরিত গ্যাসের ওপর নির্ভর করে গড়ে ওঠা কারখানাগুলোর অধিকাংশ যথেষ্ট গ্যাস না পাওয়ায় বন্ধ হয়ে গেছে। অবশ্য নিরাপত্তাজনিত কারণে ওই গ্যাস ব্যবহারের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এবং কর্তৃপক্ষের কড়া নজরদারিও এর অন্যতম কারণ।
কর্তৃপক্ষ ও গ্রামবাসীর পর্যবেক্ষণ: বিজিএফসিএলের যে কর্মকর্তারা নিয়মিত উদ্গিরণ এলাকা পরিদর্শন ও তত্ত্বাবধান করেন, তাঁদের কয়েকজন প্রথম আলোকে বলেন, গ্যাস উদ্গিরণের পরিমাণ ও এলাকা দুই-ই আগের চেয়ে কমেছে। তাঁদের ধারণা, তা একেবারে বন্ধ হতে আরও কয়েক বছর লাগবে।
তিতাস নদের পশ্চিম পারের বাকাইলের বাসিন্দা আনোয়ার হোসেন, আফরোজা বেগমসহ কয়েকজন বলেন, গ্যাসের চাপ কমলেও রান্নার কাজ চলে। ওই এলাকার জন্য বিজিএফসিএলের নিয়োগ করা দুজন পর্যবেক্ষণকারীও (ওয়াচম্যান) একই কথা বলেন।
ঘটনার শুরু: তিতাস নদ, পার্শ্ববর্তী মাঠ, প্রান্তর ও বাড়িঘরের মাটি ফুঁড়ে গ্যাস উদ্গিরণ শুরু হয় ২০০৬ সালে। প্রায় সাত বছর আগে উদ্গিরণ প্রায় চার বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। তখন বিজিএফসিএল বিষয়টি আমলে নেয় এবং এর কারণ নির্ণয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে।
পরীক্ষা-নিরীক্ষা করে ওই কমিটি বলেছিল, গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ থেকে ছিদ্রপথে মাটির নিচে গ্যাস ছড়িয়ে পড়ছে। ওই কূপটি খননের সময় এর টিউবের চারপাশ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়ার কাজটি ঠিকমতো না হওয়াই উদ্গিরণের কারণ। ওই সময় বিজিএফসিএলে কর্মরত ও পরে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনে চাকরি নিয়ে যাওয়া একজন ভূতত্ত্ববিদও প্রথম আলোকে একই কথা বলেছিলেন।
ফলে ১০ নম্বর কূপটি সংস্কারের (ওয়ার্কওভার) সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কিছুদিন পর পেট্রোবাংলা অন্য কয়েকজন ভূতত্ত্ববিদ ও প্রকৌশলীর সুপারিশে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে। তাঁরা গ্যাস উদ্গিরণের কারণ বলেছিলেন ৩ নম্বর কূপ থেকে ছিদ্রপথে মাটির নিচে গ্যাস ছড়িয়ে পড়াকে। এতে পেট্রোবাংলা ৩ নম্বর কূপের সংস্কার কর্মসূচি নেয়। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ কোম্পানি ‘কুটস অ্যান্ড বুটস’কে নিয়োগ করা হয়। তারা ২০০৮ সালের জানুয়ারি মাসে ৩ নম্বর কূপটি সম্পূর্ণ বন্ধ (কিল) করে দেয়।
এর তিন বছর পরও গ্যাস উদ্গিরণ কমার লক্ষণ না দেখে অন্য একটি প্রকল্পের আওতায় আবার পরীক্ষা করানো হয়। অস্ট্রেলীয় কোম্পানি অ্যাডভান্সড অয়েল টেকনোলজিস্ট প্রতিবেদনে বলে, গ্যাস উদ্গিরণে ৩ নম্বর ছাড়া অন্য কূপের সংশ্লিষ্টতা নেই। কিন্তু তিতাস ক্ষেত্রে বাপেক্স ২০১৫ সালে যে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করে, তাতে দেখা যায়, যে এলাকায় উদ্গিরণ হচ্ছে, সেখানে স্বল্প গভীরতায় গ্যাসের স্তর রয়েছে, যা ক্ষেত্রটির অন্য কোথাও নেই। এ থেকে কোনো কোনো বিশেষজ্ঞের ধারণা, উদ্গিরিত গ্যাস ৩ নম্বর কূপের ছিদ্রপথে বের হয়ে আসা গ্যাস না হয়ে স্বল্প গভীরতার আলাদা স্তর থেকেও বের হতে পারে। হয়তো ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক কারণে ওই স্তরের গ্যাস বের হয়ে আসার পথ পেয়েছে।