ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশে তিতাস নদীর ডান তীর রক্ষা বাঁধ ও রাস্তা নির্মাণের কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। প্রভাবশালীদের দখলের কারণে প্রায় পাঁচ কোটি টাকার এই কাজ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। পাউবোর কর্মকর্তারা এ কথা জানান।কর্মকর্তারা জানান, শহরের পূর্বাংশে মেড্ডা পুলিশ ফাঁড়ি থেকে শিমরাইলকান্দি এলাকা পর্যন্ত এক হাজার ৫৭ মিটার তিতাস নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হয় ২০১১ সালের ৮ জুন। সেকেন্ডারি টাউন ইন্টিগ্রেটেড ফ্ল্যাড প্রটেকশন প্রজেক্টের (এসটিআইএফপিপি-২) ৬ নম্বর প্যাকেজভুক্ত এশীয় উন্নয়ন ব্যাংক ও ওপেকের অর্থ-সহায়তায় চার কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে কাজটি আগামী জুনে শেষ হওয়ার কথা ছিল। কাজ চলা অবস্থায় শহরের পাইকপাড়া, টানবাজার ও শিমরাইলকান্দি অংশে চার-পাঁচজন প্রভাবশালী নদীর পাড় দখল করে নেওয়ায় এ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তাঁরা। জেলা প্রশাসককে একাধিক চিঠি দিয়ে জায়গাটি দখল করে নেওয়ার কথা জানিয়েছে পাউবো। কিন্তু এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দখলদারেরা উল্টো তাঁদের জায়গা বাদ দিয়ে কাজ করতে পাউবোর স্থানীয় কর্মকর্তাদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছেন।সরেজমিনে দেখা গেছে, কোথাও বাঁশের বেড়া, কোথাও দেয়াল বা বালু ফেলে আটকে দেওয়া হয়েছে তিতাস নদীর ডান তীর প্রতিরক্ষা এবং চলাচলের রাস্তা নির্মাণের কাজ। শহরের পূর্ব পাইকপাড়া অংশে শাহজাহান মিয়া নামের এক ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে নদীর পাড় দখলে নিয়েছেন। তাঁর পাশেই মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি পাকা দেয়াল নির্মাণ করেছেন। এই দেয়াল নির্মাণ করতে তিনি প্রকল্পের বসানো দুই সারি সিসি ব্লক তুলে ফেলেছেন।পাইকপাড়ার দক্ষিণে টানবাজার এলাকায় গিয়ে দেখা যায়, নাটাই ইউনিয়নের মোমিন খান নামের সাবেক এক ইউপি চেয়ারম্যান বালু ফেলে নদীর পাড়ের বড় একটি অংশ দখলে নিয়ে কাজ থামিয়ে দিয়েছেন।পাউবো থেকে জানা গেছে, নদীর ডান তীর প্রতিরক্ষা প্রকল্পে মাটি ভরাট, সিসি ব্লক বসানো, রেলিং নির্মাণ এবং চলাচলের রাস্তা নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসিন্দারা অনেক সুবিধা ভোগ করতে পারতেন, যার মধ্যে রয়েছে নদীভাঙন ও বন্যার হাত থেকে শহর রক্ষা, পানি নিষ্কাশনের উন্নত ব্যবস্থা এবং সর্বোপরি মানুষের চলাচলের ব্যবস্থা। কিন্তু শহরের পূর্বপাশে নদীর তীরে রাস্তা নির্মাণ হওয়ার পর জায়গার গুরুত্ব অনেক বেড়ে গেলে ভূমিদস্যুরা পাড় দখলে তৎপর হয়ে উঠেছে। এ কারণে মাঝপথেই কাজ থামিয়ে দিতে বাধ্য হয়েছে পাউবো।নাম প্রকাশ না করার শর্তে পাউবোর এক প্রকৌশলী জানান, নদীর পাড়ে তাঁরা মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করার পর মোমিন খান রাস্তার পূর্ব পাশে মাটি ফেলতে শুরু করেন। পাউবোর ভরাট করা অংশসহ পুরোটাই তিনি দখলে নিয়েছেন। তবে মোমিন খান দাবি করেন, তিনি জায়গাটির মালিক। তাঁর সব কাগজপত্র আছে। তাঁর অভিযোগ, বরং পাউবো নকশার বাইরে কাজ করে মানুষের জায়গা দখল করে নিয়েছে। তিনি আরও বলেন, ‘স্থানীয় সাংসদ জায়গাটি তিনবার পরিদর্শন করেছেন। তাঁর নির্দেশে সার্ভেয়াররা মাপজোক করে দেখেছে জায়গাটি আমারই।’ তবে এ ব্যাপারে শাহজাহান ও মিজানুরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। পাউবোর নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘এটি আমাদের দুর্ভাগ্য যে প্রকল্পটি আমরা বাস্তবায়ন করতে পারলাম না।’