টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণসামগ্রী বিতরণসহ এ-সংক্রান্ত কাজে কোনো ধরনের সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। গতকাল বুধবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ দাবি করেন। আজ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মন্ত্রী দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা, তাঁবু নির্মাণসহ এ-সংক্রান্ত কাজ সঠিকভাবে চলছে। সংবাদ সম্মেলন থেকে তিনি মুঠোফোনে ওই এলাকার সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের সর্বশেষ পরিস্থিতি জানান। দুর্যোগ প্রস্তুতি দিবসের কর্মসূচি: সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে দুর্যোগ প্রস্তুতি দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাল বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ৩০ মার্চ কেন্দ্রীয়ভাবে শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভূমিকম্প মহড়া, আগামী ৬ এপ্রিল ঢাকার একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার হবে।