ব্রাহ্মণবাড়িয়ায় দরপত্র ভাগাভাগিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
দরপত্রের ভাগাভাগিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুই ছাত্রনেতা আহত হয়েছেন। গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি ভবনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতারা হচ্ছেন জেলা ছাত্রলীগের ভেঙে দেওয়া কমিটির সহসভাপতি হেলাল উদ্দিন ওরফে হেলাল (৩৫) ও সদস্য মেহেদী আহমেদ (২৮)। এ ঘটনায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে।একাধিক ঠিকাদার ও আহত ছাত্রলীগ নেতারা জানান, প্রায় এক মাস আগে নবীনগর ও বাঞ্ছারামপুর এলাকার তিন কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। দাখিল হওয়া একটি দরপত্রের কয়েকটি কাজের ভাগাভাগি নিয়ে সোমবার দুপুরে এলজিইডির সহকারী প্রকৌশলী (১) এ কে এম রশিদ আহম্মেদের কক্ষে তাঁর মধ্যস্থতায় ছাত্রলীগের ভেঙে দেওয়া কমিটির সভাপতি মাহমুদের পক্ষের সঙ্গে ওই কমিটির সহসভাপতি হাসানের পক্ষের নেতাদের বৈঠক বসে। বৈঠকে কাজের ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাহমুুদ পক্ষের নেতা হেলাল উদ্দিন নিচতলায় নেমে এলে হাসানের পক্ষের কর্মীরা তাঁকে ছুরিকাঘাত করে। এর পরিপ্রেক্ষিতে মাহমুদ পক্ষের কর্মীরা পাল্টা হামলা চালিয়ে হাসানের পক্ষের কর্মী মেহেদীকে ছুরিকাঘাত করে। আহত হেলাল ও মেহেদীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত হেলাল উদ্দিন বলেন, ‘আমি ১০/১২ বছর ধরে ঠিকাদারি করছি। ১৫ হাজার টাকা ঘুষ দিয়ে আমি একটি কাজ পেয়েছি। এ জন্য এলজিইডির কার্যালয়কেও ৮০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এর পর কার্যাদেশ আনতে গেলে প্রতিপক্ষের মেহেদী, মামুন ও সোহেলসহ ১০/১২ জন আমার ওপর হামলা করে।’ এ ব্যাপারে এলজিইডির সহকারী প্রকৌশলী (১) এ কে এম রশিদ আহম্মেদ বলেন, ‘আমার কক্ষে দুই পক্ষের সমঝোতা বৈঠকেই সংঘর্ষ শুরু হয়।’ কাজ ভাগাভাগির মধ্যস্থতা ও টাকা নিয়ে কাজ ভাগবাটোয়ারা করে দেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এসব ছাত্রলীগ নেতাদের মিথ্যা অভিযোগ। এসব ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।’ কাজ ভাগাভাগির বৈঠক কেন তাঁর কক্ষে হয়েছে জানতে চাইলে, ‘সব বিষয়ে ফোনে কথা বলা যাবে না’ বলে তিনি সংযোগ কেটে দেন।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম বলেন, মেহেদী আহমেদের ছোট ভাই শাকিল আহমেদ ও হেলাল উদ্দিন দুটি মামলা করেছেন।