ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ পুলিশ কর্মকর্তাসহ আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল সোমবার সকালে সদর উপজেলার খাঁটিহাতা ও সরাইলের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই দফা সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হন। এক অটোরিকশাচালককে মারধরের ঘটনা কেন্দ্র করে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরাইল বিশ্বরোড মোড়ে ভয়াবহ এ সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। প্রায় অর্ধশত রাউন্ড কাঁদানে গ্যাস ও নয় রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত দুইটার দিকে খাঁটিহাতা গ্রামের মো. আবদুর রউফ ও তাঁর ছেলে বাবু মিয়া সিএনজিচালিত অটোরিকশার চালক কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা মোরশেদ মিয়াকে ভাড়া চাওয়া নিয়ে মারধর করেন। গতকাল সোমবার সকাল পৌনে ১০টার দিকে বাবু মিয়া বিশ্বরোড মোড়ে গেলে ওই মারধরের জের ধরে মোরশেদ মিয়ার লোকজন তাঁকে পিটুনি দেন। পাল্টাপাল্টি এ মারধরের ঘটনায় উভয় গ্রামের সহস্রাধিক লোক লাঠিসোটা, দা, বল্লম ও ইট-পাটকেল নিয়ে বিশ্বরোড মোড়ে মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সরাইল থানার সেকেন্ড অফিসার এসআই চন্দন চক্রবর্তী, এসআই শফিকুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসানসহ শতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে মোরশেদ মিয়া, লোকমান হোসেন ও তফছির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষ চলাকালে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কগুলোতে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। জেলা সদর ও সরাইল থানা থেকে দাঙ্গাপুলিশ এবং র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষকালে কিছু দাঙ্গাবাজ একটি কনফেকশনারি ও ফুটপাতের কয়েকটি ফলের দোকানে লুটপাট চালায়। সংঘর্ষের পর থেকে বিশ্বরোড মোড়ের দুই শতাধিক দোকানপাট বন্ধ রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৪৩ রাউন্ড কাঁদানে গ্যাস ও নয় রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে বলে তিনি জানান।