ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর ও সরাইল উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গত বৃহস্পতিবার অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গরুর ধান খাওয়া নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের দুলাল মিয়ার (৩২) একটি গরু পার্শ্ববর্তী সরাইলের কুট্টাপাড়া গ্রামের রইছ আলীর (৪০) জমির ধান খায়। এ ঘটনায় দুলালকে গালিগালাজ করে চড়-থাপড় মারেন রইছ। পরে দুলাল ও তাঁর ভাই ফারুক মিয়াসহ পাঁচ-ছয়জন রইছ আলীকে দা দিয়ে গুরুতর জখম করেন। রইছ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর জের ধরে কুট্টাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে খাটিহাতা গ্রামে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক লোক আহত হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা জানান, খবর পেয়ে তাঁরা দুই প্লাটুন দাঙ্গা পুলিশ নিয়ে সেখানে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ৩১টি রাবার বুলেট ও ১৭টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে।