ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষ
পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে গতকাল বুধবার দুই গ্রামের লোকজনের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। পরে দাঙ্গা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আগের দিনের সংঘর্ষের ঘটনার জের ধরে গতকাল মাইকে ঘোষণা দিয়ে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া ও খাটিহাতা গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্বরোড মোড়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পার্শ্ববর্তী মালিহাতা গ্রামের লোকজন বেতবাড়িয়া গ্রামের সঙ্গে যোগ দিলে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জয় সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম, সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা, র্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের উপপরিচালক ইলিয়াছ ভূঁইয়ার নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব ঘটনাস্থলে যায়। তারা কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও র্যাব ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই-তিন শ লোকের বিরুদ্ধে মামলা করেছেন। এদিন সংঘর্ষের সময় গ্রেপ্তার হওয়া ১৮ জনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।স্থানীয় লোকজন জানান, সংঘর্ষে আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।